আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘ইউরোপের শেষ স্বৈরাচারকে’ হটাতে রাস্তায় জনগণ

প্রেসিডেন্ট নির্বাচন শেষ হতেই বেলারুশের একাধিক শহরে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে। ভোটে কারচুপি হয়েছে এমনটা অভিযোগ বিক্ষোভকারীদের।
বুথ ফেরত জরিপে উঠে আসে যে, আলেকজান্ডার লুকাশেঙ্কো ষষ্ঠবারের জন্য বেলারুশে ক্ষমতায় আসতে চলেছেন। তিনি পেতে পারেন প্রায় ৮০ শতাংশ ভোট। আর তার প্রধান বিরোধী শেতলানা টিখানোভস্কায়া পেতে পারেন সাত শতাংশেরও কম ভোট।
ডয়চে ভেলে জানায়, বুথ ফেরত জরিপ আসার পরেই রাস্তায় নেমে পড়েন বিরোধীরা। তাদের দাবি, ভোটে কারচুপি হয়েছে। রবিবার রাত থেকে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে।
রাজধানী মিনস্কে বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাস্তায় নামেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা স্লোগান দেন। গাড়ির হর্ন ও সাইরেন বাজান। কয়েকশ দাঙ্গাবিরোধী পুলিশ হাতে ঢাল নিয়ে দঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু বিক্ষোভকারী ময়লা ফেলার গাড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড তৈরি করে। পুলিশ তখন জলকামান ছোড়ে, কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।
বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রবিবার রাত থেকে পুলিশ শহরে শান্তি ফেরানোর চেষ্টা করছে। কতজনকে আটক করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
তবে মানবাধিকার সংস্থা সূত্রে জানা যায়, কয়েকশ লোককে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকশ লোক। বিক্ষোভ থামাতে প্রবল বলপ্রয়োগ করছে পুলিশ।
বিরোধী নেত্রী শেতলানা জানিয়েছেন, তিনি বুথ ফেরত জরিপের ফল বিশ্বাস করেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তার দিকে আছে।
পেশায় একজন শিক্ষক শেতলানার স্বামী সরকার-বিরোধী ব্লগার। কিন্তু সরকার তাকে জেলে আটকে রাখায় তিনি নির্বাচনে দাঁড়াতে পারেননি। তখন শেতলানা নির্বাচনে দাঁড়ান। তার জনসভায় বিপুল জনসমাগম হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে বেলারুশে কোনো জনসভায় এত লোক হয়নি বলে জানা যায়।
বর্তমান প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে বলা হয় ‘ইউরোপের শেষ স্বৈরাচার’। তিনি ১৯৯৪ থেকে কঠোরভাবে বেলারুশ শাসন করছেন। তার দাবি, তিনি থাকলে বেলারুশে সরকারের স্থায়িত্ব থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে লোকের ক্ষোভ বেড়েছে।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ভোটের আগে এক হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকরাও আছেন। ঠিক সময়ে আমন্ত্রণ না পাওয়ায় ইউরোপের অর্গানাইজেশন অব সিকিউরিটি অ্যান্ড কোয়াপরেশনের প্রতিনিধিরা ভোট পর্যবেক্ষণ করতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button