বিবিধ
ইউটিউবের কল্যানে ৪০ বছর পর স্বজনদের সাথে দেখা

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিওর মাধ্যমে আবারো স্বজনদের দেখা পেয়েছেন ৬৬ বছরের এক সাবেক ভারতীয় সেনা। মনিপুরের রাজধানী ইম্ফলের বাসিন্দা খমদ্রাম গম্ভীর সিং ১৯৭৮ সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। ওই সময় তার বয়স ছিল ২৬ বছর।
গত অক্টোবরে ফিরোজ শাকরি নামে এক স্ট্রিট ফটোগ্রাফার মুম্বাইয়ের বেশ কিছু ছবি তোলা ও ভিডিও করার পর তা ইউটিউবে প্রকাশ করেন, যা ভাইরাল হয়। ভিডিওতে গম্ভীর সিংকে পুরনো দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখা যায়।
গম্ভীরের এক ভাতিজা ভিডিওটি দেখার পর তার কাকা খমদ্রাম কুলাচন্দ্রাকে জানান। কুলাচন্দ্রা ইম্ফল পুলিশের সাথে যোগাযোগ করলে তারা মুম্বাই পুলিশকে গম্ভীরের একটি ছবি পাঠায়। ওই ছবি ধরে মুম্বাই পুলিশ বান্দ্রার একটি এলাকা থেকে মানবেতর জীবনযাপন করতে থাকা গম্ভীরকে খুঁজে বের করে।



