আলেপ্পোতে প্রচণ্ডতম বিমান হামলা

দারাশিয়া সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় আবারো ব্যাপক বিমান হামলা শুরু করেছে। মানবাধিকার কর্মীরা এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যাপক বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে।
এ বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নগরীর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা বিভিন্ন এলাকা ত্যাগে বেসামরিক নাগরিকদের সুযোগ দেয়ার লক্ষে সিরীয় সরকার হামলা সাময়িক শিথিল করার আহবান জানানোর পর এ বিমান হামলা চালানো হলো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফরের পরিকল্পনা বাতিল করার পর আলেপ্পোয় ব্যাপক এ হামলা শুরু করা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে পুতিনের সাক্ষাত করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সাক্ষাতে সিরিয়ার ব্যাপারে আলোচনা করা হবে প্যারিস এমন কথা জানানোর পর এ সফর বাতিল করা হয়।
এদিকে সোমবার ওলাঁদ বলেন, আলেপ্পোতে বোমা হামলা চালানোর অভিযোগে রুশ কর্মকর্তাদের যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে।
মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন তাদের র্পালামেন্টে বলেন, সিরিয়া সংঘাতে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার কারণে মস্কো একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এদিকে মস্কো বেসামরিক লোকদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বারবার অস্বীকার করে আসছে। তারা বলছে তাদের হামলার লক্ষ্য সন্ত্রাসী গ্রুপ।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আলেপ্পোয় মঙ্গলবারের বিমান হামলায় অন্তত ২৫ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।




