sliderস্থানিয়

আলফাডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গরম পানি ঢেলে ঝলসে দিলো আ.লীগ নেতা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আলফাডাঙ্গায় সোহেল মোল্লা (২৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে পাশের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

সোহেল মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের দিনমজুর শাহজাহান মোল্লার ছেলে। তিনি ভাতাপ্রাপ্ত একজন বুদ্ধিপ্রতিবন্ধী বলে পরিবার সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় চায়ের দোকানে বসে ছিলেন আক্তার খালাসি নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার কয়েকজন সহযোগী। এ সময় মানসিক ভারসাম্যহীন সোহেল হঠাৎ পেছন দিক থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং হাত টানাটানি শুরু করে। এতে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোহেলকে ছাড়াতে গিয়ে প্রথমে তাকে ধাক্কা দেন আক্তার খালাসি। একপর্যায়ে হাতে থাকা গরম চায়ের কেটলি দিয়ে আঘাত করলে ফুটন্ত পানি সোহেলের শরীরে পড়ে যায়। এতে তার বুক থেকে শুরু করে পা পর্যন্ত অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত সোহেলকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত আক্তার খালাসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে আনার পর বিষয়টি তারা জানতে পারেন। তিনি বলেন, ঘটনাস্থল বোয়ালমারী থানার আওতাধীন হওয়ায় ভুক্তভোগী পরিবারকে সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে দরিদ্র পরিবারটি বর্তমানে চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি বলে একটি সূত্র জানায়।

এদিকে নির্মম এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button