খেলা

আর্জেন্টিনাকে হার থেকে বাঁচালেন মেসি

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে নিজেদের কঠিন সমীকরণে ফেলেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আজকের ম্যাচটিও হারতে বসেছিল তারা। কিন্তু মেসির গোল ও আরমানির পেনাল্টি ঠেকানো পারফরম্যান্সে জিততে না পারলেও হার এড়ায় দলটি। প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের শুরুতেই প্যারাগুয়ের পেনাল্টি বক্সে হানা দেন মেসি। কিন্তু প্যারাগুয়ের রক্ষণভাগের দক্ষতায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ২৮তম মিনিটে প্যারাগুয়ের মাটিয়াস রোজাসের কাছে বল পেয়ে গোলপোস্টে শট নেন ডার্লিস গঞ্জালেস। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় ট্যাগলিয়াফিকোর কল্যাণে ঝামেলায় পড়তে হয়নি আর্জেন্টিনাকে।
এরপর ৩৩তম মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। তবে তা কাজে লাগাতে পারেননি মেসি। গোলপোস্ট বরাবর মেসির শটটি খুব সহজেই ঠেকান প্যারাগুয়ের গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ।
এরপর ৩৭তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগকে পরাস্ত করে দারুণ গোল পায় প্যারাগুয়ে। আলমিরনের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার জালে বল জড়ান রিকার্ড সানচেজ।
আর্জেন্টিনার ভাগ্য তখন ঝুলছে। গ্রুপ পর্বে টিকে থাকতে হলে তাদের অবশ্যই হার এড়াতে হবে।
৪৫তম মিনিটে আর্জেন্টিনার গোলরক্ষক আরমানি মাঝমাঠ পর্যন্ত উঠে গিয়ে বলে শট নিতে যান। কিন্তু প্রতিপক্ষের বুক বরাবর পা ঠেকিয়ে হলুদ কার্ড দেখেন তিনি।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেরেইরার বদলে মাঠে নামেন আগুয়েরো। ৫১তম মিনিটে সেই আগুয়েরোর কাছ থেকেই বল পেয়ে প্যারাগুয়ের গোলপোস্টে শট নেন মার্টিনেজ। বারে লেগে বল ফেরত এলে শট নেন মেসি। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষকের সুবাদে গোল পায়নি আর্জেন্টিনা।
কিন্তু এর মধ্যেই আর্জেন্টিনার ভাগ্যে লেখা ছিল গোল। পেনাল্টি বক্সের ভেতর থেকে গোলপোস্ট বরাবর মার্টিনেজের শট নেওয়ার আগেই প্যারাগুয়ের ডিফেন্ডার ইভান পিরিসের হাতে বল লাগে। ওই সময় তা নিয়ে সংশয় থাকলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় হ্যান্ডবল দেওয়া হয়। পেনাল্টি পায় আর্জেন্টিনা। ওই পেনাল্টি থেকেই নিজেদের একমাত্র গোলটি করেন মেসি। ভাগ্য ফেরে আর্জেন্টিনার।
কিন্তু এর মধ্যেই পাঁচ মিনিটের মাথায় আর্জেন্টিনা আরো একটি ধাক্কার মুখোমুখি হয়। পেনাল্টি বক্সের ভেতরে ভয় ধরালে প্যারাগুয়ের গঞ্জালেসকে পেছন থেকে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি। ফাউলের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি পায় প্যারাগুয়ে। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক আরমানির দারুণ সেইভে শেষ রক্ষা হয় আর্জেন্টিনার।
এরপর ৮৩তম মিনিটে ফ্রি-কিক পায় প্যারাগুয়ে। আবারও দারুণভাবে বল ঠেকান আরমানি।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
আগামী ২৩ জুন রাত ১টায় কাতারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে একই সময়ে কলম্বিয়ার বিপক্ষে লড়বে প্যারাগুয়ে। এদিকে কলম্বিয়ার বিপক্ষে প্যারাগুয়ের জয় নিশ্চিত হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে। তবে ম্যাচটি ড্র হলে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য কাতারের বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button