Uncategorized

আর্জেন্টাইন তারকা হিগুয়েইনের রেকর্ড

ট্রান্সফার বাজারে তারকা খেলোয়াড়দের চড়া দামে দলে ভেড়ানোর রেকর্ড বেশ আগে থেকেই শুরু হয়েছে। এই তালিকায় এতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদ বেশ এগিয়েই ছিল। গ্যারেথ বেলকে ১০০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়ে রিয়াল দলবদলের বাজারে যে রেকর্ড গড়েছিল তা এখনো স্মরণীয় হয়ে আছে। এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ৯৪ মিলিয়ন ইউরোতে দলভূক্ত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার ইতালিয়ান লীগ চ্যাম্পিয়ন জুভেন্টাস এই রেকর্ডে রিয়ালের পাশে নাম লিখিয়েছে। আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনকে নাপোলি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস।
দুই সিরি-আ ক্লাবের মধ্যেই এটাই সবচেয়ে বড় দলবদলের রেকর্ড। পাঁচ বছরের চুক্তিতে হিগুয়েইনকে দলে নিয়েছে তুরিনের ক্লাবটি। এক বিবৃতিতে তুরিন জায়ান্ট জানিয়েছে, ২০১৬/১৭ ও ২০১৭/১৮ মৌসুমে দুটি সমান ভাগে গঞ্জালো হিগুয়েইনকে চুক্তির টাকা পরিশোধ করা হবে।
গত মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোল করে সিরি-আ লীগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন হিগুয়েইন। ১৯৫০ সালে এসি মিলানের হয়ে এক মৌসুমে গানার নোরডালের ৩৫ গোলের রেকর্ডই এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। ৬৬ বছরের রেকর্ড ভাঙা দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই তারকাকে ছাড়তে নাপোলি ৯৪.৭ মিলিয়ন ইউরো দাবী করে। সপ্তাহ খানেকের আলোচনার পরে প্রায় ৫ মিলিয়ন ইউরো কমাতে রাজী হয় নাপোলি। এ সম্পর্কে অবশ্য জুভেন্টাসের প্রধান নির্বাহী বেপে মারোত্তা গণমাধ্যমে বিস্তারিত কিছু বলতে রাজী হননি। শুধুমাত্র নিশ্চিত করেছেন ক্লাবের সাথে হিগুয়েইনের চুক্তি সম্পন্ন হয়েছে।
২০১৩ সালে টটেনহ্যাম থেকে গ্যারেথ বেলকে ও ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদ দলে নেবার পরে ক্লাব ফুটবলের দলবদলের বাজারে এটাই সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড। তবে দক্ষিণ আমেরিকান সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে হিগুয়েইন ইতিহাসে জায়গা করে নিয়েছেন। ২০১৩ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোস থেকে ৮৬.২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন। এই বছরই ৪০ মিলিয়ন ইউরোতে রিয়াল থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন হিগুয়েইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button