
ভারতে আরো এক পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দিল্লির পুসা এলাকা থেকে যশবীর সুদ নামে ওই বিজ্ঞানীর লাশ উদ্ধার হয়েছে। মৃত্যুর সাতদিন পরে তার লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ছিলেন।
কিছুদিন আগেই ভারতের পরমাণু বিজ্ঞানের জনক হোমি ভাবার মৃত্যু রহস্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনায় হোমি ভাবার মৃত্যু হয়, সেই দুর্ঘটনার পিছনে নাকি হাত ছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র।
শুধুমাত্র এগুলোই নয়, এর আগেও ভারতের একাধিক পরমাণু বিজ্ঞানীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। দেশের এমন অনেক পরমাণু বিজ্ঞানীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়, যাদের মৃত্যু রহস্য উদঘাটন হয় না। উদঘাটন করার চেষ্টাও খুব একটা হয় না। আত্মহত্যা বা অজ্ঞাত কারণ দেখিয়েই মামলার ইতি টানে পুলিশ।
প্রথম এ ধরণের ঘটনা ঘটে ১৯৬৬ সালে। ভারতে পরমাণু বিজ্ঞানের জনক হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয়। ভিয়েনা থেকে এবার ইন্ডিয়ার বিমানে আসছিলেন তিনি। জানা যায়, ওই বিমানের কোনো যান্ত্রিক গোলযোগের খবর ছিল না। এমনকি মাঝপথেও নিয়ম মেনে বিমানের যান্ত্রিক ত্রুটি নেই বলে রিপোর্ট করা হয়। আর তার ঠিক পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। হোমি ভাবা সহ মোট ১১০ জন ভারতীয়ের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে আর কোনো তদন্ত এগোয়নি ভারত সরকার।




