আরিয়া বন্দোপাধ্যায়কে কেউ খুন করেনি, ঘুমের মধ্যে স্ট্রোকেই মৃত্যু

বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা, বলিউড অভিনেত্রী আরিয়া বন্দোপাধ্যায়ের মৃত্যুতে কোনও রহস্য নেই। পোস্টমর্টেম এবং ফরেনসিক রিপোর্টে এমন কথাই জানানো হয়েছে। দু’দিন আগে আরিয়াকে তাদের যোধপুর পার্কের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। অনিয়ন্ত্রিত জীবন এবং দেনার দায়ে জর্জরিত লাভ সেক্স অউর ধোঁকা এবং ডার্টি পিকচার এর অভিনেত্রী বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানা থেকে পড়ে যান। রক্তপাত সেই আঘাতের কারণেই। ফরেনসিক বিশেষজ্ঞরা আরিয়ার ঘর থেকে পুরোনো রক্তমাখা টিস্যু পেপার পেয়েছেন। যার থেকে তাদের অনুমান আরিয়া রক্তপাতেরও শিকার ছিলেন যা তিনি উপেক্ষা করেন। অটপসি সার্জেন পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, তার পাকস্থলীতে দু’লিটার অ্যালকোহোল পাওয়া গেছে। তার যে স্ট্রোকেই মৃত্যু হয়েছে তা নিশ্চিত হয়েছে পোস্টমর্টেম-এ। ফরেনসিক বিশেষজ্ঞরা আরিয়ার ঘর থেকে মধুর শিশি, অ্যালকোহোলের বোতল, গুটখা এবং সিগারেটের প্যাকেট উদ্ধার করেছেন। আরিয়া বাড়িতে রান্নার ব্যবস্থা থাকলেও নিয়মিত বাইরের খাবার খেতেন। ইদানিং অর্থকষ্ট থাকায় অভুক্ত অবস্থাতেই দিন কাটাচ্ছিলেন বলে তদন্তে জানা গেছে। পরিচারিকাকে নভেম্বরের মাইনেও দিতে পারেননি। ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট জানিয়ে দিল যে, আরিয়া বন্দোপাধ্যায় এর মৃত্যু স্বাভাবিক কারণে, স্ট্রোকের ফলেই।।




