জাতীয়শিরোনাম

আমি উন্নয়নের কূটনীতি করব: সাদিয়া ফয়জুন নেসা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রথম নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা কর্মস্থলে যোগ দেবার পর স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সরকারের জনবান্ধব কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি উন্নয়নের কূটনীতি করব। চাকরি জীবনের ২০ বছর পর এসে মনে হচ্ছে আমরা সেটা পারছি।
প্রবাসে প্রত্যেক বাংলাদেশিকে একেকজন কূটনীতিক উল্লেখ করে সাদিয়া ফয়জুন নেসা বলেন, নিউইয়র্ক কনস্যুলেট প্রতিদিন দেড়শ থেকে দুইশ লোক সেবা নিচ্ছেন। তাদের যাতে যথাযথ সেবা দিতে পারি তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এছাড়া প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির বিকাশে নিজেকে নিবেদিত করতে পারি সে ব্যাপারেও সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামীম আহমেদ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিউইয়র্কের গণমাধ্যম কর্মীরা ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভিন, বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহী মিনা, কনস্যুলেটের প্রটোকল অফিসার আসিফ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিচয় পর্বের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা। এসময় তিনি বলেন, নিউইয়র্কে তিনি তিনটি বিষয়কে অগ্রাধিকার দেবেন, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কনস্যুলেটের নিজস্ব ভবন প্রতিষ্ঠা। তিনি বলেন, নিউইয়র্কে ভবন কেনা সহজ কাজ নয়। তবে অনেক দিন থেকেই এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে কনসাল জেনারেল বলেন, যুক্তরাষ্ট্রে কূটনীতিক হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে এবার তিনি জনবান্ধব কাজে লাগাবেন। তিনি বলেন, কাজের ক্ষেত্রে কে নারী বা পুরুষ সেটা বিবেচ্য বিষয় নয়। কাজটাই এখানে মূখ্য বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, পেশাদার কূটনীতিক সাদিয়া ফয়জুন নেসা নিউইয়র্কে ১৫তম কনসাল জেনারেল হিসাবে যোগ দিয়েছেন। তিনি সদ্য বিদায়ী কনসাল জেনারেল মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button