বিনোদন

আমাদের যা খুশি বলুন : ছেলেমেয়েকে নয়

বলিউডের অন্য তারকা-সন্তানদের মতোই মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন অজয় দেবগন ও কাজলের ১৫ বছরের কন্যা নিশা ও আট বছরের ছেলে যুগ। আর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের শিকার হন তাঁরা।
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত নিজের আসন্ন ‘টোটাল ধামাল’ ছবির প্রচারণা অনুষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অজয় দেবগন বলেছেন, তাঁরা যেন তাঁর ছেলেমেয়েকে ‘বিচার’ করে কথা না বলেন।
বার্তা সংস্থা আইএএনএসকে অজয় বলেন, ‘আমাকে জাজ করুন, কিন্তু আমার সন্তানদের নয়। কাজল ও আমি দুজনেই অভিনেতা, আমাদের জাজ করুন… এসব আমাদের কারণেই, আমাদের সন্তান সব সময় স্পটলাইটে আসছে।’
‘কাউকে বিচার করাটা ভালো নয়। যদি আমি কাউকে বিচার করি, ওই মানুষটির অবশ্যই খারাপ লাগবে… তো, আমার সন্তানদের ক্ষেত্রেও তা-ই,’ যোগ করেন অজয়।
‘সিংহম’ অভিনেতা আরো বলেন, ‘সত্যি বলছি, ওই মানুষেরা কোনো ব্যাপার নয়। কিন্তু মাঝেমধ্যে আমার খারাপ লাগে যখন আমার বাচ্চারা নিষ্ঠুর বিদ্রুপের ভেতর দিয়ে যায়।’
সম্প্রতি এই তারকা দম্পতির প্রথম সন্তান নিশা সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হন এবং বিমানবন্দরে তোলা ছবি নিয়ে ‘বডি-শেমিংয়ের’ শিকার হন। আর এবারই প্রথম নিশা বিদ্রুপের লক্ষ্য হলেন না।
বাজে মন্তব্য শোনার পর কন্যা কীভাবে নিজেকে সামলান, এমন প্রশ্ন করা হলে অজয় দেবগন বলেন, ‘আগে বিদ্রুপের শিকার হলে ওর মন খারাপ হতো, কিন্তু এখন এসবকে পরোয়া করে না সে।’
‘সে জানে কীভাবে এসব সামলাতে হয়। সে এটা মেনেই নিয়েছে—কিছু মানুষ থাকবেই, যারা বিচার জারি রাখবে, সেসব কোনো ব্যাপার নয়,’ বলেন নিশার বাবা।
বিদ্রুপ সামলানো প্রসঙ্গে ‘সান অব সরদার’ অভিনেতা বলেন, ‘এড়িয়ে যাও… যদি তুমি প্রতিক্রিয়া দেখাও, তবে তারা আরো প্রতিক্রিয়া দেখাবে এবং করতেই থাকবে। তাই ভালো উপায় হচ্ছে বিদ্রুপকারীর সঙ্গে লড়াই থামিয়ে দেওয়া।’
অজয় দেবগনকে আগামীতে ইন্দ্র কুমার পরিচালিত ‘টোটাল ধামাল’ ও ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে দেখা যাবে।
অন্যদিকে কাজলকে সর্বশেষ ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে দেখা গেছে। গুঞ্জন রয়েছে, ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অজয়-কাজল যুগলকে। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button