আবার দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ
চির বৈরি দুই দেশ ভারত-পাকিস্তান। এ দুই দেশের রাজনৈতিক সংকট উঠে আসে সব জায়গায়। হোক তা সিনেমা কিংবা মাঠ, প্রতিটি জায়গায় চলে একে অন্যের বিরুদ্ধে বিষেদাগার। এই যেমন, পুলওয়ামার ঘটনার পরে ভারতের বলিউডে থাকা পাকিস্তানি সব কলা-কুশলী, শিল্পীদেরকে ভারত ছাড়ার হুমকি দেয়া হয়। ঠিক তেমনই মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সাথে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারতীয়রা। দুই বোর্ড উদ্যোগী হলেও বারবার ভেস্তে গেছে সব আলোচনা রাজনৈতিক সহিংসতার জেরে। অবশ্য আইসিসি নির্ধারিত টুর্নামেন্টগুলোতে নিয়মিত মুখোমুখি হয় এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।
এবার সেই অচলাবস্থা ভাঙবে বলে আশাবাদ ব্যক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেছেন, শিগগির পাক-ভারত দ্বিপক্ষীয় সিরিজ শুরু হচ্ছে।
তবে ওয়াসিম খান বলেছেন, সবশেষ গত কয়েক মাসে পিসিবি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে। যেটা কয়েক বছর আগে অবনতির চরম পর্যায়ে ছিল।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে পরিচালিত ও প্রভাবিত হয়। এ মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে। আশা করছি, চলতি মাসে দুই পড়শির শীতল সম্পর্কের বরফ গলবে। নিয়মিত খেলা হওয়া উভয় দলের জন্যই ভালো।
আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান। ঘরের মাঠে সেটা অনুষ্ঠিত করবে তারা। আইনশৃংখলা পরিস্থিতি ভালো হলে পাক ডেরায়, না হলে তথাকথিত হোমগ্রাউন্ড সংযুক্ত আরব আমিরাতে।
এক্ষেত্রে সবশেষ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভারতের পূর্ণ সমর্থন পেয়েছে পিসিবি বলে জানান এমডি।




