
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানিকগঞ্জ জেলার সাবেক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাতে একদিনে একাধিক কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা।
২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি তাঁর বাবা, বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।
এরপর বেলা ১টায় বিএনপির ক্রান্তিকালের মহাসচিব, প্রয়াত এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। বেলা দেড়টায় তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব খানের কবর এবং পরে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন খানের কবর জিয়ারত করেন।
এ সময় জেলা বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে আফরোজা খানম রিতা বলেন, “মানিকগঞ্জের এই গুণী নেতারা বিএনপির রাজনীতি ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের পথচলার প্রেরণা। আজ তাঁদের কবর জিয়ারতের মাধ্যমে আমি নতুন করে শপথ নিচ্ছি—জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীনভাবে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন,“মানিকগঞ্জ-৩ আসনের জনগণই আমার শক্তি। তাঁদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আগামীর নির্বাচন মোকাবিলা করতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠপর্যায়ের প্রচারণা শুরু করলেন। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।




