Uncategorized

আনোয়ারায় ২১ নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। ২১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত বৃহস্পতিবার ২১টি নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে এসব পরীক্ষার ফলাফলে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে কাফকো সার কারখানার ৫ কর্মকর্তা-কর্মচারী, একজন কলেজের অধ্যক্ষ ও একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। বাকি ৪ জনের দুইজন বারখাইন, একজন বৈরাগ ও একজন হাইলধর ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, আনোয়ারায় সোমবার পর্যন্ত ৪৫৪ নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে আনোয়ারার ৫৮ জন বাকিরা বিভিন্ন এলাকার। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন ও একজনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button