খেলা

আনোয়ারাকে এক ডজন গোল দিলো বসুন্ধরা

বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারিয়ে নারী ফুটবল লিগে শুভ সূচনা করলো বসুন্ধরা কিংস। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে ১২-০ গোলে ম্যাচ শেষ করে বসুন্ধরা। হ্যাট্রিকসহ চার গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। অধিনায়ক সাবিনা খাতুনও হ্যাট্রিক পূর্ণ করেন।
সাড়ে আট বছর পর শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধন হলো নারী ফুটবল লিগ। লিগের প্রথম দিনেই মুখোমুখি হয় শক্তিশালী বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই আক্রমণ করতে থাকে বসুন্ধরার মেয়েরা। প্রত্যাশিত জয়টিই পাওনা ছিল বসুন্ধরার। তবে ব্যবধানটা এতো হবে তা কারো কল্পনাতে আসেনি।
জাতীয় নারী ফুটবল দলের একঝাক ফুটবলারদের নিয়ে দল গড়ে বসুন্ধরা। ম্যাচের ৪, ১১, ৫৫ ও ৯০ মিনিটে হ্যাট্রিকসহ চারটি গোল করেন কৃষ্ণা রানী। হ্যাট্রিক করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ম্যাচের ১, ৪৬ ও ৬৩ মিনিটে গোল তিনটি করেন। জোড়া গোল করেছেন জাতীয় দলের মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী (৪০ ও ৪১)। একটি করে গোল করেছেন শিউলি আজিম (৫৭), নার্গিস খাতুন (৮৩) ও মারিয়া মান্ডা (৮৭)।
এবারের লিগে মোট সাতটি মহিলা ফুটবল দল অংশ নিয়েছে। দলগুলো হল- বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি, এফসি উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button