বিনোদন

আটত্রিশে এসে হলিউডে আরও উজ্জ্বল প্রিয়াঙ্কা

কয়েক বছর তো হয়ে গেল। ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে আন্তর্জাতিক তারকা বনে যান প্রিয়াঙ্কা চোপড়া। পান কিছু পুরস্কারও। ধারণা করা হয়েছিল, এবার বুঝি হলিউড থেকে হাত ভর্তি প্রস্তাব আসবে!
কিন্তু ‘বেওয়াচ’-এর ছোট একটি চরিত্র ও অল্প বাজেটের একটি সিনেমা ছাড়া ব্যক্তিগত জীবন আর টকশো নিয়েই ছিলেন আলোচনায়।
শনিবার ৩৮ বছর বয়সে পা দিলেন বলিউডের দেশি গার্ল। এটা এমনই এক সময়, যখন হলিউডের একাধিক প্রজেক্ট রয়েছে নায়িকার সামনে। অর্থাৎ, আন্তর্জাতিক প্রচারমাধ্যমে যেকোনোভাবে আলোচনায় থাকার ফল পেতে চলেছেন।
কয়েকদিন আগেই অ্যামাজন প্রাইমের সঙ্গে বড়সড় চুক্তি করেছেন প্রিয়াঙ্কা। তার প্রোডাকশন হাউজ এই সংস্থার সঙ্গে মিলিয়ন ডলারের কাজ করবে। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা বলেন, একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে ভাষা ও ভৌগলিক অবস্থানের বাধা পেরিয়ে ভালো বিষয়বস্তু তৈরির চেষ্টা করেন। এর জন্য বিশ্বের সব জায়গার প্রতিভাদের সুযোগ দিতে চান তিনি। তার প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার তাই অ্যামাজনের সঙ্গে একটি চুক্তি সই করেছে।
অ্যামাজনের সঙ্গে চুক্তিতে একদিকে যেমন প্রি-ওয়েডিং সেরিমনির ওপর ‘সংগীত’ নামের রিয়্যালিটি শো রয়েছে, তেমনই রয়েছে ক্রাইম থ্রিলার ‘সিটেডেল’। এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স এবং অভিনয়ে রয়েছেন রিচার্ড ম্যাডেন।
অ্যামাজনের পাশাপাশি নেটফ্লিক্সের সঙ্গেও আছেন নায়িকা। রামিন বাহরানি পরিচালিত অরবিন্দ আদিগার লেখা ‘দ্য হোয়াইট টাইগার’-এর ওপর ভিত্তি করে বানানো ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। বিপরীতে আছেন রাজকুমার রাও। ইতিমধ্যে সেই ছবির শুটিংও সেরে ফেলেছেন নায়িকা।
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে রবার্ট রদ্রিগেজের তৈরি বাচ্চাদের জন্যে সুপারহিরো ছবি ‘উই ক্যান বি হিরোস’-এ। এক দল ভিন গ্রহের প্রাণী বিশ্বের সব সুপারহিরোদের অপহরণ করে নেওয়ার পর তাদের সন্তানরা কীভাবে মা-বাবাদের বাঁচাতে এগিয়ে আসে তারই গল্প বলবে এই ছবি।
শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নেই প্রিয়াঙ্কা। আগামীদিনে বেশ কয়েকটি ছবিতেও দেখা যাবে তাকে। ড্যান গুর পরিচালিত রোমান্টিক কমেডিতে মিন্ডি কালিং-এর সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবির সিংহভাগ শুটিং হবে রাজস্থানে। কিয়ানু রিভসের সঙ্গে করছেন ‘ম্যাট্রিক্স ফোর’। আছে ধর্মগুরু ওশোর বিতর্কিত সহযোগী শীলার জীবনের ওপর তৈরি বায়োপিক ‘মা আনন্দ শীলা’। এ ছাড়া ‘কাউবয় নিনজা ভাইকিং’-এ ক্রিস প্র্যাটের বিপরীতেও চুক্তি সই করেছেন। তবে হ্যাঁ, এ মুহূর্তে বলিউডে কোনো কাজ নেই প্রিয়াঙ্কার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button