উপমহাদেশশিরোনাম

আগে দিল্লি সামলা পরে বাংলা দেখিস, মোদির উদ্দেশে মমতা

এবারের ভোটে প্রত্যেকটা ভোট বিজেপির বিরুদ্ধে দিন। দিল্লিকে দেখিয়ে দিন, জোড়া ফুলে (তৃণমূল কংগ্রেস) ভোট দিন, মোদিকে কবর দিন।
আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভার উত্তরে এভাবেই তোপ দাগলেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদিকে এদিন কটাক্ষ করে মমতা বলেন, এখন থেকে আর প্রধানমন্ত্রী বলব না। কারণ, এই সরকারের এক্সপায়ারি শেষ। এখন থেকে এক্সপায়ারি বাবু বলব। তিনি মোদিকে সাবধান করে বলেন, বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। আগে দিল্লি সামলা পরে বাংলা দেখিস।
এদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটায় এক সভামঞ্চে দাঁড়িয়ে মমতা মোদির উদ্দেশে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘দম থাকলে একসঙ্গে মিটিং করুন। মিটিংয়ে আপনি থাকবেন, আমি থাকব। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব।’
মোদির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা বলেন, মোদি মিথ্যে কথা বলে মানুষকে ভাঁওতা দিচ্ছেন। ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০টি মিথ্যে কথা বলছেন। গায়ের জোরে মোদি মিথ্যে কথা বলছেন।
মমতা দাবি করেন, তাঁর সরকার মোদি সরকারের মতো মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তাঁর সরকার যা বলে করে দেখায়। তাঁর সরকারের আমলে পশ্চিমবঙ্গের মানুষ, কন্যাশ্রী, সবুজসাথী, ২ টাকা কিলো দরে চাল, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথির সুবিধা পেয়েছেন।
এদিন শিলিগুঁড়ির এক সভা থেকে মোদি আহ্বান জানিয়েছিলেন, বিজেপির যেই প্রার্থী হোন না কেন, ভোটটা যেন সবাই তাঁকে দেন। মোদির ওই আহ্বানের পাল্টা হিসেবে বিজেপিকে বর্জনের আহ্বান জানান মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button