
গাজীপুর প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৯ম সমাবর্তন আজ বাংলাদেশ–চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তনের বিশেষ আকর্ষণ ছিল তিনজন মেধাবী শিক্ষার্থীর জন্য আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজী বিভাগের মোছা.লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেল্থ বিভাগের মাহারুন্নেসা মিতু। এদের মধ্যে সর্বোচ্চ অর্জনের স্বীকৃতিস্বরূপ শাহরিন খন্দকার পেয়েছেন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমউল্যা মিয়ান পুরস্কার।
সমাবর্তনে এমবিএ, এমপিএইচ, বিবিএ, কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং ও ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা ডিগ্রি লাভ করেন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি আইইউবিএটির গবেষণা কার্যক্রম, বৈশ্বিক র্যাঙ্কিং অর্জন এবং টেকসই উন্নয়ন বিষয়ক শিক্ষার উদ্যোগের প্রশংসা করেন।
কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন সমাবর্তনে বক্তৃতা প্রদান করেন। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব স্বাগত বক্তব্য দেন, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ। প্রতিষ্ঠার পর থেকে এটি একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অসামান্য সাফল্য অর্জন করে আসছে এবং দেশের মধ্যে উচ্চ বৈশ্বিক র্যাঙ্কিং অর্জন করেছে।




