অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল

স্বপ্নের অলিম্পিকের সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে রোজারিও মিকেলের দল ২-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয়।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নিজের জাত চিনিয়েছেন নেইমারও। ম্যাচের বয়স যখন ১২ মিনিট তখনই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। আর দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে সেলেসাওদের ব্যবধানটাকে দ্বিগুন করেন লুয়ান। এর ফলে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনায়াসেই জিতে সেমিফাইনালে জায়গা করে নেন স্বাগতিকরা।
শেষ চারে তাদের প্রতিপক্ষ এখন হন্ডুরাস। যারা এবারের আসরের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স প্রদর্শণ করছে। এমনকি গ্রুপ পর্বে আর্জেন্টিনাকেও পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে তারা। অলিম্পিকের অন্য সেমিফাইনালে জার্মানি মুখোমুখি হবে নাইজেরিয়ার।
বিশ্বফুটবলের সফল দল ব্রাজিল। কিন্তু অলিম্পিকেই যেন নিস্প্রভ পেলে-রোনালদোর এই দেশটি। তবে এবার সেই শিরোপা-খরা ঘোচাতেই মাঠে নামে নেইমাররা-জেসাসরা। যদিওবা ঘরের মাঠে তাদের শুরুটা ছিল খুবই হতাশার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র দিয়ে যাত্রা শুরু করে ব্রাজিল। এরপর ইরাকের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে পারবে কী না তাই নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচেই যেন স্বরুপে ফিরে ব্রাজিল। রোববার কোয়ার্টার ফাইনালেও ব্রাজিলকে দেখা গেল ব্রাজিলের মতোই।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল।




