আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

‘নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনে’র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।
এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুই আমেরিকান অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। ‘নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনে’র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন তারা।
সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, মৌলিক গবেষণা কীভাবে পরবর্তীকালে সমাজের কাজে লাগার মতো উদ্ভাবনগুলোর জন্ম দিতে পারে, নতুন নিলাম বিন্যাসগুলো (নিউ অকশন ফরম্যাট) তার একটি চমৎকার উদাহরণ। এই উদাহরণের অভিনব বৈশিষ্ট্য হলো একই মানুষদের বিকাশ ঘটানো তত্ত্ব ও সেটির ব্যবহারিক প্রয়োগ। নিলাম ঘিরে এই দুই নোবেল লরিয়েটসের অভিনব গবেষণা বিক্রেতা, ক্রেতা ও সর্বোপরি সমাজের জন্য বিরাট উপকার বয়ে এনেছে।
অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোমের জন্ম ১৯৪৮ সালের ২০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার জেনেভা শহরে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন অর্থনীতিবিদ রবার্ট বি. উইলসন। তারা দুজনই বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।
বলে রাখা ভালো, মূল নোবেল পুরস্কারের সরাসরি অংশ না হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসই দিয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম, ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ‘ভেরিজ রিক্সব্যাংক’ এটির প্রবর্তন করে। এটিকে অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে গণ্য করা হয়।
এর মাধ্যমে শেষ হচ্ছে এবারের নোবেল পুরস্কারের পর্ব। ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।
এর আগে গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button