অভ্যুত্থান: মিয়ানমারের সঙ্গে সাময়িক সম্পর্ক স্থগিত নিউজিল্যান্ডের, ভ্রমণ নিষেধাজ্ঞা

পতাকা ডেস্ক : মিয়ানমারের সঙ্গে সাময়িক সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড। একই সঙ্গে মিয়ানমারের সামরিক নেতাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের জবাবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন মঙ্গলবার বলেছেন, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের সব যোগাযোগ সাময়িক স্থগিত করছে সরকার। তিনি আরো বলেছেন, নিউজিল্যান্ডের যেসব সাহায্য বিষয়ক কর্মসূচি আছে তা যদি সামরিক জান্তার পক্ষে যায়, তারা তা থেকে সুবিধা পায়- তাহলে সেসব প্রকল্প তাদের অন্তর্ভুক্ত থাকবে না। তার ভাষায়, আমাদের দৃঢ় বার্তা হলো, নিউজিল্যান্ড থেকে আমরা যা পারি তাই করবো। আমরা উচ্চ পর্যায়ের সব আলোচনা স্থগিত করবো। আমরা নিশ্চিত করবো আমাদের অর্থায়নে মিয়ানমারে কোন প্রকল্প যেন সেনা শাসকদের পক্ষে না যায়।
তিনি বলেন, মিয়ানমারে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় তিন কোটি ডলারের কর্মসূচি হাতে নিয়েছে নিউজিল্যান্ড। পররাষ্ট্রমন্ত্রী মানাইয়া মাহুতা আলাদা এক বিবৃতিতে বলেছেন, নিউজিল্যান্ড কোনো সেনা নেতৃত্বাধীন সরকারের বৈধতা দেয় না। পাশাপাশি সব রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করে এবং বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানায়। তিনি বলেন, মিয়ানমারের সামরিক নেতাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সম্মত হয়েছে সরকার।




