বিনোদন

অভিনেত্রী ববিতার মন খারাপ

টানা কয়েক মাস একমাত্র ছেলে অনিকের সাথে থেকে গত সপ্তাহে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। কিন্তু দেশে ফেরার পরই কয়েকটি কারণে মন খারাপ তার। রাজধানীর গুলশানের নতুন বাসায় একাই থাকেন তিনি। যেহেতু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন না, তাই বলা যায় অনেকটাই অলস সময় কাটে তার। তাই দেশে ফিরলেও অনিকের কাছেই চলে যেতে মন চাইছে তার।
ববিতা বলেন, ‘ছেলের সাথেই থাকতে এখন বেশি ভালো লাগে আমার। যেহেতু এখানে একা থাকি এবং অভিনয়ও এখন আর করি না, তাই সময় একেবারেই কাটতে চায় না। বিগত যে কয়েকটি মাস কানাডায় অনিকের কাছে ছিলাম, খুব ভালো ছিলাম আমি। অনিক আমাকে যথেষ্ট সময় দিয়েছে। আমার সেবা করেছে। দেশে ফেরার আগে আগামী কয়েক মাস যেন অনিককে রান্না করে না খেতে হয়, সেজন্য হালাল গোশত নিজ হাতে ক্রয় করে অনেক কিছু রান্না করে ডিপফ্রিজে রেখে এসেছি। আল্লাহ অনিককে সুস্থ রাখুন, ভালো রাখুন এই দোয়া চাই সবার কাছে।’
এ দিকে শুধু ছেলের জন্যই মন খারাপ তার এমনটিই নয়, তিন দিন আগে ববিতার চাচাতো ভাই মিঠু ইন্তেকাল করেছেন। মিঠুকে ঘিরে ববিতার অনেক স্মৃতি। তাকে অনেক আদর করতেন তিনি। তার জন্য খুব মন খারাপ ববিতার।
আবার দেশে ফেরার পরপরই তার ১৩ বছরের আদরের পোষা কুকুর জারাও মারা গেছে। জারা ববিতাকে খুব ভালোবাসতেন। ববিতাও জারাকে খুব আদর করতেন। দেশের বাইরে থেকে ফিরলে জারার জন্যও ববিতা উপহার নিয়ে আসতেন। সব মিলিয়েই এবার দেশে ফিরে ববিতার মন খারাপ।
ববিতা জানান, যেকোনো সময় একাকিত্ব ছেড়ে চলে যেতে পারেন একমাত্র ছেলে অনিকের কাছে। ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এতে ববিতার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button