Uncategorized

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা।
সোমবার (৪ নভেম্বর) সকালে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে একঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতিবছরি ওই এলাকার শতশত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন যাচ্ছে। চলতি বছরেও ভাঙনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৩ নভেম্বর) আবার বালু উত্তলনের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেন এলাকাবাসী। এ ঘটনার জেরে রাতেই জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ রানাকে আটক কালিহাতী থানা পুলিশ। সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। পরে স্থানীয়রা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ করেন।
পরে কালিহাতী উপজেলার প্রশাসনের সহকারি কমিশনার ভূমি শাহরিয়ার রহমান ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, গ্রামবাসীর দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এদিকে আটক মাসুদ রানাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button