sliderস্থানিয়

অনলাইন হাজিরার পর আলোচনায় পাগয্যাছড়ি বিদ্যালয়, উঠল আগাম ছুটির অভিযোগ

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয়টি দেশজুড়ে আলোচনায় আসে। তবে সেই আলোচনার মাঝেই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে নতুন অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের গত ১৫ জুন নেটওয়ার্ক সংকটের কারণে বিদ্যালয়ের পাশের একটি আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুর্গম পাহাড়ি এলাকার নেটওয়ার্ক সমস্যার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই শিক্ষকের দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করলেও স্থানীয়দের একটি অংশ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলার কথা থাকলেও অধিকাংশ দিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে প্রতিবেদক দুপুর ১টার দিকে বিদ্যালয়ে গেলে সেটি বন্ধ অবস্থায় দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষার্থী কিংবা পাঠদান কার্যক্রমের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বিদ্যালয় বন্ধ থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় অভিভাবকদের দাবি, নিয়মিত ও পূর্ণ সময় পাঠদান নিশ্চিত না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিদ্যালয়ের উপস্থিতি, পাঠদানের সময়সূচি এবং সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নেটওয়ার্ক সংকটের কারণে আমগাছে উঠে অনলাইন হাজিরা দেওয়ার ঘটনা যেমন দুর্গম এলাকার বাস্তব চিত্র তুলে ধরেছে, তেমনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button