বাফুফের উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে কোনো কিছুর কমতি রাখছে না দেশের ফুটবলের সর্বোচ্চ এ সংস্থাটি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই অভিযোগের তীর ছোঁড়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে।
টুর্নামেন্ট চলাকালীন সময় বাকি দলগুলো থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে বাংলার মেয়েদের স্থান হবে বাফুফের ডরমেটরিতে। অবশ্য প্রথমে স্বাগতিক মেয়েদের জন্যও হোটেল ভাড়া করা হয়েছিল। কিন্তু আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে থেকে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়, মেয়েরা হোটেলে উঠছে না।
এ ব্যপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এ জন্য মহিলা ফুটবল দলের টেকনিক্যাল ডিপার্টমেন্ট দায়ী। আমরা ওদের জন্য একই হোটেল বুকিং দিয়েছিলাম। কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিছুতেই মেয়েদের সেখানে রাখবে না। তাই আজ দুপুরে হোটেল কর্তৃপক্ষকে আমরা না করে দিয়েছি।’
অবশ্য এ ব্যাপারে কিছু হাস্যকর যুক্তি তুলে ধরেন বাফুফের এ কর্মকর্তা। তিনি বলেন, ‘বাফুফের ডরমেটরিতে থেকেই মেয়েরা ভালো রেজাল্ট করবে। কারণ এখানে তারা থেকে-খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওরা হোটেলের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না। তাছাড়া হোটেলে মেয়েদের খাবারেরও সমস্যা হবে। তাই সর্বোপরি ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা আছে।’
এ বিষয়ে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সিইও ফাহাদ করীম বলেন, ‘আমরা সব দলের জন্যই হোটেল বুকিং দিয়েছি। এখন বাফুফের বাংলার মেয়েদের হোটেলে রাখবে কিনা সেটা তাদের ব্যাপার।’
উল্লেখ্য, বাংলাদেশসহ মোট ৬ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট। বাকি দলগুলো হল- তাজিকিস্থান, সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া, লাওস ও কিরগিস্থান। ২২ তারিখ পর্দা উঠবে এ আসরের। উদ্ভোধনী দিনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্ভোধন করবেন।



