অক্টোবরে পাকিস্তানে যাচ্ছে নারী ক্রিকেট দল

আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরকালে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচে অংশ নেবেন সালমা-জাহানারারা। শুক্রবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সে পথেই আরেক ধাপ এগোল তারা। এ বছর দ্বিতীয় নারী দল হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। গত জানুয়ারিতে তিন ওয়ানডের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানে যাবে শ্রীলঙ্কার পুরুষ দলও।
২৩ অক্টোবর পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। আর আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের ওয়ানডে দুটি হবে ২ ও ৪ নভেম্বর। সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সবশেষ ২০১৫ সালে পাকিস্তান সফরে সফরে দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা।




