sliderস্থানিয়

সালথায় গোডাউনে আগুন লেগে পাট পুড়ে ছাই

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় বিদ্যুতের তার ছিড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০ মণ পাট ও ৩০ মসুরিসহ ৩টি দোকান পুড়ে গেছে।  
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজার পুরুরা সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমার পাটের গোডাউনের টিনশেড চালের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে গোডাউনের টিনের চালের ওপর ওই বিদ্যুতের তার ছিড়ে পড়ে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে থাকা আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে আমার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরি ডাল পুড়ে যায়। এতে আমার অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

সালথা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, সালথা বাজারের বিভিন্ন জায়গায় দোকান ও মার্কেটের ওপর এবং আশপাশ দিয়ে অপরিকল্পিতভাবে তার টানিয়ে বিদ্যুত সরবারহ করেছে কর্তৃপক্ষ। যে কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে।

তবে সালথা বিদ্যুত অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, আগুন লাগলেই পাবলিক আমাদের ওপর দায় চাপিয়ে দেয়। ওখানে কিভাবে আগুন লেগেছে, তা সঠিকভাবে কেউ জানে না। এমনও তো হতে পারে গোডাউনের ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুন ধরে যাওয়ার পর ওই তার ছিড়ে পড়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজকের ঘটনা নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। 

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। 

ঘটনাস্থল থেকে পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, যেহেতু বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তাই আমরা বিদুৎবিভাগের সাথে কথা বলে বিদ্যুতের লাইনগুলো যাতে সঠিকভাবে স্থাপন করা হয়, সে ব্যাপারে কাজ করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সালথা উপজেলা প্রশাসন সবসময় সবার পাশে থাকবে- ইনশাআল্লাহ্।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button