মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে নাগর নদীর ওপারে ভারতের চা বাগানে দুটি চিতা বাঘের (লেপার্ড) দেখা মিলেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাঘ দুটির ছবি স্থানীয় এক কিশোরের ক্যামেরায় বন্দি হয়। নদীর পানি কম থাকায় বাঘগুলো যে কোনো মুহূর্তে নদী পেরিয়ে বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে আতঙ্কে রয়েছেন সীমান্তবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ৩৯৫ নম্বর মেইন পিলারের কাছে নাগর নদীতে জালের সাহায্যে মাছ ধরতে যান স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এ সময় নদীর ওপারে ভারতের চা বাগানের ভেতর একটি বড় চিতা বাঘ ও একটি বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেন তিনি। পরে তিনি লুকিয়ে বাঘ দুটির ছবি ক্যামেরাবন্দি করে গ্রামে ফিরে এসে এলাকার লোকজনকে দেখান।
চা বাগানে বাঘের উপস্থিতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বাঘ দুটিকে দেখার জন্য নদীর পাড়ে ভিড় জমান শত শত মানুষ।
শ্বশুরবাড়ি বেড়াতে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই শুনলাম নদীর ওপারে ইন্ডিয়ার অংশে বাঘ এসেছে। খবর পেয়েই এলাকার মানুষের সঙ্গে এখানে দেখতে আসলাম। তবে রোদ ওঠার কারণে এখন আর দেখা যাচ্ছে না। বাঘগুলো ভারতের অংশে থাকলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নদীর এপারের বাংলাদেশিরা।’
স্থানীয় যুবক হাসানুর রহমান,রনি,মামুনসহ অনেকে আসেন বাঘ দেখার জন্য। তারা বলেন,কয়েক দিন আগে লালমনিরহাটেও বাঘ ঢুকে আতঙ্ক সৃষ্টি করেছিল। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। বিজিবির সদস্যরা আছেন, তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন যাতে আমাদের এলাকার মানুষ বিপদে না পড়ে।
এদিকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে বর্তমানে ধনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছেন।
পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকার বাসিন্দাদের সাবধানে চলাফেরা করার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
