sliderস্থানিয়

প্রশ্ন ফাঁসের অভিযোগ: স্ট্যান্ড রিলিজ সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদকে শাস্তিমূলক বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী এ বদলির বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে জানানো হয়, বদলি হওয়া এই কর্মকর্তাকে ২৬ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তাকে সরাসরি ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, গত ১৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘প্রশ্নফাঁস চক্রে সরকারি চাকুরেরা, অপ্রতিরোধ্য চক্রের সদস্যরা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী প্রশ্নফাঁস চক্রের তথ্য উন্মোচিত হয়। চক্রটি অন্তত ১১টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সর্বশেষ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সূত্র ধরে এই নেটওয়ার্কের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিবেদনে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তাদের নাম উঠে আসে। এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। প্রশ্নফাঁসে জড়িত হিসেবে চিহ্নিত ১২ জনের তালিকায় সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের নাম আসার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের প্রধান সহকারী কামরুল ইসলাম জানান, হারুন অর রশিদ সর্বশেষ গত ১৪ অক্টোবর অফিস করেছিলেন। এরপর তিনি দুই দিনের ছুটি নেন। তবে ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ ১০ দিন আত্মগোপনে থাকার পর গত ২৫ অক্টোবর তিনি অফিসে এলেও মাত্র দুই ঘণ্টা অবস্থান করেন। সকাল ১১টার দিকে তিনি এলএসডি গোডাউন পরিদর্শনের কথা বলে কার্যালয় ত্যাগ করেন এবং এরপর আর ফিরে আসেননি।

উল্লেখ্য, প্রশ্নফাঁস চক্রের সাথে হারুন অর রশিদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত এখনও চলমান রয়েছে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। তদন্তাধীন থাকা অবস্থাতেই প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই তাৎক্ষণিক ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button