হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সঙ্গীকে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করেছে পুলিশ।
আটকরা হলেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল, চড় খণ্ড গোলড়ার রস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোনো মাদকসেবক ও ব্যবসায়ী ছাত্রলীগের সাথে থাকতে পারবে না। যদি এ ধরনের কাজের সাথে কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।



