
মেহবুবা মুফতি ছাড়া পাওয়ার দুই দিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে রাজনীতির চাকা দ্রুত গড়াতে শুরু করল। ৩৭০ ধারা ফেরানোর দাবিতে এক ছাতার নীচে এল পিডিপি, এনসি ও অন্যান্য বড় দল। এই জোটের নাম হয়েছে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।
ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লার বাড়িতে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মির ও সিপিএমের মহম্মদ ইউসুফ তারিগামি।
দুই ঘণ্টার বৈঠকের পর ফারুক জানান, তারা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে যেটি শেষ হয়ে যায় গত বছরের ৫ আগস্ট কেন্দ্র ৩৭০ ধারা বিলুপ্ত করার সঙ্গে সঙ্গে। জম্মু-কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম মির শীরিরিক অসুস্থতার কারণে আসতে পারেননি।
উপত্যকায় পুরনো পরিস্থিতি ফেরানোর জন্য কিভাবে আন্দোলন করা হবে, এদিন অবশ্য সেই বিষয় বিস্তারিত বলা হয়নি। প্রসঙ্গত, গত বছর ৩৭০ ধারা বাতিল করার আগে সতর্কতা স্বরূপ রাজনৈতিক নেতাদের আটক করা হয়। ধাপে ধাপে সবাই মুক্তি পেলেও চলতি সপ্তাহে ১৪ মাস বাদে ছাড়া পেলেন মেহবুবা মুফতি। তারপরেই প্রতিবাদের আঁচ বাড়ালো ভূস্বর্গের রাজনৈতিক নেতারা। তবে এতে কাজের কাজ হয় কিনা, সেটাই দেখার বিষয়।




