খেলা

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

বলতে গেলে হাত থেকে বেরিয়েই গিয়েছিল ম্যাচটা। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে জয়ের দিকেই হাঁটছিল অস্ট্রেলিয়া। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের তুলে নিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার রাতে সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকেরা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ১৬০ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৯ উইকেট হাতে নিয়ে ৩৮ বলে ৩৯ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ১৫তম ওভারে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আদিল রশিদ।
একপর্যায়ে অতিথিদের সামনে শেষ ওভারে ১৫ রানের সমীকরণ দাঁড়ায়। টম কারেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে মার্কাস স্টয়নিস নাটক জমিয়ে তোলেন। শেষ বলে দরকার পড়ে ৫ রান। তবে কারেনের দুর্দান্ত ইয়র্কারে ২ রানেই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।
ওয়ার্নার সর্বোচ্চ ৫৮ রান করেন। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৬ রান। উদ্বোধনী জুটিতে এই দুজন ১১ ওভারে ৯৮ রান ‍যোগ করেছিলেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও আদিল রশিদ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে ডেভিড মালানের ৬৬ ও জস বাটলারের ৪৪ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল ইংলিশরা। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল ও কেন রিচার্ডসন। ম্যাচসেরা হয়েছেন মালান।
একই ভেন্যুতে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button