শিরোনামশীর্ষ সংবাদ

ল্যানসেটের প্রতিবেদন : বাংলাদেশের করোনা পরিস্থিতি লাগামহীন হতে পারে

বাংলাদেশে করোনা পরিস্থিতি লাগামহীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটের এক প্রতিবেদনে।
বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ এশিয়ান বিষয়ক লেখিকা সোফি কাজিন্স তার প্রতিবেদনে বলেন, বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা এখনও আসেনি। এতে বলা হয়, একদিকে বর্ষা; অন্যদিকে ডেঙ্গু। এর মধ্যে আবার করোনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশজুড়ে লাগামহীনভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত হওয়া ল্যানসেটের প্রতিবেদনে করোনা পরীক্ষার জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে তার সমালোচনা করে বলা হয়েছে, কোভিড-১৯ টেস্টের জন্য ফি নির্ধারণ করার পর নিয়মিত হওয়া পরীক্ষার সংখ্যায় বড় ধরণের তারতম্য লক্ষ্য করা গেছে। বাংলাদেশে শুরুর দিকে বেশ কয়েক মাস বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হলেও জুন মাসের শেষ দিকে বাংলাদেশ সরকার কোভিড টেস্টের মূল্য নির্ধারণ করে। বুথে বা হাসপাতালে নমুনা দেয়ার ক্ষেত্রে ফি ধরা হয় ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করার ফি নির্ধারণ করা হয় ৫০০ টাকা।
তবে কিছুদিন আগে এই ফি কমিয়ে যথাক্রমে ১০০ টাকা এবং ৩০০ টাকা করা হয়। প্রাইভেট হাসপাতালে প্রতিটি পরীক্ষার ফি ৩৫০০ টাকা। টেস্টের জন্য ফি নির্ধারণ করার পর থেকে টেস্ট করানোর হার নেমে দাঁড়িয়েছে প্রতি হাজার জনে দিনে ০.৮টি টেস্টে। আর আগস্টে এই হার নেমে দাঁড়িয়েছে প্রতি হাজার জনে ০.০৬টি টেস্টে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেন, এই মহামারি বাংলাদেশের ‘অনৈতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে’ উন্মোচিত করেছে।
ঢাকার কয়েকটি কবরস্থান ঘুরে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তালুকদার। কবরস্থান পরিচালনাকারীরা তাকে বলেছেন, সরকারি হিসাবের চেয়ে দেশে চারগুণ বেশি মৃত্যু হচ্ছে। অনেকে উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু করোনা পরীক্ষা হয়নি।
ঢাকার আরেকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে দ্য ল্যানসেটকে বলেন, সাড়ে ১৬ কোটি মানুষের দেশে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার টেস্ট হচ্ছে, এটি আসলে কিছুই না। ওই চিকিৎসক শঙ্কা প্রকাশ করে আরো বলেন, এই মহামারি আরো অনেক দিন থাকবে। আমি ভয় পাচ্ছি শীত আসলে কী হবে। মানুষও ভয় পাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button