মহানগরশিরোনাম

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে ১০ দিনে ৭৫ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১০ দিনে ৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ হয়ে মারা গেছেন ১৯ জন পুরুষ এবং ৭ জন নারীসহ ২৬ জন। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে আজ মঙ্গলবার বিকেল ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ২২৭৪ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৫৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর মঙ্গলবার বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন। তিনি জানান, গত ১০ দিনে করোনা ইউনিট নতুন করে আরো ৭৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৭ জন নারীসহ ২৬ জন করোনা পজিটিভ হয়ে মারা যান।
তিনি বলেন, যারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এদিকে ঢামেক হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত ১০২ জন আনসার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
করোনা আক্রান্ত আনসার সদস্যদের ব্যাপারে ঢামেক হাসপাতালের আনসার কমান্ডার মুসলেহ উদ্দিন খান জানান, হাসপাতালে করোনা ইউনিটে শুরু থেকেই আমাদের আনসার সদস্যরা ২৪ ঘণ্টা ডিউটি করতেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে তারা পর্যায়ক্রমে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, হাসপাতালে বর্তমানে ৩৮১জন আনসার সদস্য ও আনসার পিসি এবং এপিসি মিলে ২৬ জন নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button