বার্সেলোনার বড় ব্যবধানে হারের রেকর্ড
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে অভ্যস্ত বার্সেলোনা শুক্রবার রাতে পেল গোলবন্যায় ভেসে যাওয়ার অচেনা স্বাদ। ফিরে এলো ৭৪ বছর আগের এক স্মৃতি। ১৯৪৬ সালে বার্সেলোনা সর্বশেষ ৮ গোল হজমের যন্ত্রণা পেয়েছিল।
সে ম্যাচটা অবশ্য লা লিগা বা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল না। ছিল কোপা দেল রে’র। প্রতিপক্ষ ছিল সেভিয়া। ৮-০ গোলে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল কাতালান ক্লাবটা। ১৯৫১ সালের এপ্রিলের পর এই প্রথম বার্সেলোনা ৬ গোলের ব্যবধানে হারল। সেবার লা লিগায় এস্পানিওলের কাছে ৬-০ গোলে হেরেছিল তারা।
শুক্রবারের ৮-২ গোলের হার বার্সেলোনার পাঁচ বাজে হারের একটি। ১১ গোলে হারের রেকর্ডও আছে কাতালান ক্লাবটির।
এক নজরে দেখে নেওয়া যাক বার্সার বাজে পাঁচ হার-
সেভিয়া ১১-১ বার্সেলোনা (লা লিগা, ১৯৪৬)
সেদিন ১০ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরে সেভিয়া ২৩ থেকে ৮৩ মিনিটের মধ্যে দেয় ১১ গোল। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত এটিই বার্সার সবচেয়ে বাজে হার।
রিয়াল মাদ্রিদ ৮-২ বার্সেলোনা (লা লিগা, ১৯৩৫)
ম্যাচটিতে মূলত দুই খেলোয়াড়ের কাছে হেরে গিয়েছিল গোটা বার্সা দল। রিয়ালের ফার্নান্দো সানুদো করেছিলেন ৪ গোল। আর জেইমি লাজকানো করেন হ্যাটট্রিক।
বায়ার্ন মিউনিখ ৮-২ বার্সেলোনা (চ্যাম্পিয়নস লিগ কো. ফাইনাল, ২০২০)
ইউরোপীয় প্রতিযোগিতায় এক ম্যাচে এটিই সবচেয়ে বড় হার বার্সেলোনার। এর আগে ২০১৩ সালে দুই লেগ মিলিয়ে বার্সাকে ৭ গোল দিয়েছিল বায়ার্ন। এবার এক ম্যাচেই ৮ গোল হজম করল তারা।
লিভারপুল ৪-০ বার্সেলোনা (চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, ২০১৯)
ন্যু ক্যাম্পে প্রথম লড়াইয়ে বার্সেলোনা ৩-০তে জিতে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ৪ গোল হজম করে বার্সা। ইনফর্ম সালাহকে ছাড়াই খেলেছিল সেদিন অলরেডরা।
এসি মিলান ৪-০ বার্সেলোনা (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ১৯৯৪)
সেবার বার্সেলোনা ও এসি মিলান দুই দলই ৩-০ ব্যবধানে সেমিফাইনাল জিতেছিল। তাই অনেকের আশা ছিল দারুণ এক ফাইনাল হবে। ফেভারিট ছিল বার্সা। কিন্তু মিলান ম্যাচটি ৪-০তে জিতে নেয়।




