সিংড়ার মহেশচন্দ্রপুর বাঁধ ভেঙে গেছে

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভেঙে গেছে কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর-চাঁনপুরের বাঁধ। তীব্র গতিতে পানি প্রবেশ করছে কলম বিলে। সরিয়ে নেয়া হচ্ছে আশ-পাশের ঘর-বাড়ি।
সিংড়ার ৪ নম্বর কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, আত্রাই নদীর পানির তীব্র স্রোতের কারণে রোববার বিকেলে মহেশচন্দ্রপুর কালভার্টের কাছে বাঁধে ভাঙন দেখা দেয়। পানির উচ্চতার কারণে নিমিষেই সেই ভাঙন বিশাল আকার ধারণ করে। ঝুঁকিতে থাকা আশ-পাশের বাড়ি-ঘর সরিয়ে নেয়া হচ্ছে। তীব্র গতিতে নদী থেকে পানি বিলে প্রবেশ করছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবতে শুরু করেছে কলম বিলে আমন ধান ও পুকুরের মাছ। এতে রাতের মধ্যেই কলম ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার লোক পানিবন্ধী হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থান পরিদর্শন করেছেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ও উপ-সহকারী প্রকৌশলী শামীম আল মামুন। এসময় তারা জানান, বিকেলে হঠাৎ পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে। অন্তত ২০মিটার বাঁধ ভেঙে বিলে পানি প্রবেশ করছে। পানি তীব্রতা বেশি থাকার কারণে বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। তারপরও চেষ্টা করছি বাঁধের বাকি অংশ রক্ষা করার। নয়া দিগন্ত




