আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিক্ষোভ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ৪০ শহরে কারফিউ

পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নির্মমভাবে নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারফিউ ভঙ্গ করা হয়েছে যা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলপিয়া ও লস এঞ্জেলসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মেয়র জানিয়েছেন, রবিবার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। হোয়াইট হাউজের কাছে প্রতিবাদকারীদের ফের সমাবেশের পর এ কারফিউ ঘোষণা করা হলো।
মেয়র মুরিয়েল বাউসার এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশব্যাপী বিক্ষোভের পর পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন।
ন্যাশনাল গার্ড বলছে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা আবারো জমায়েত হয়ে পুলিশের প্রতি মারমুখী আচরণ করেছে।
আজও কয়েকটি জায়গায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দাঙ্গা পুলিশও টিয়ারশেল ও ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে পাল্টা জবাব দিয়েছে।
ফিলাডেলফিয়াতে স্থানীয় টিভিতে পুলিশের গাড়ি ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখানো হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বলেছেন, ‘ফিলাডেলফিয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন! তারা দোকান লুট করছে। আমাদের গ্রেট ন্যাশনাল গার্ডকে ডাকুন।’
মিনিয়াপোলিসে বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেয়া লরি চালককে আটক করা হয়েছে।
ডেনভারে হাজার হাজার মানুষ মুখে বেঁধে ও পেছনে হাত রেখে ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ স্লোগান দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছে।
মানুষ বড় ধরনের প্রতিবাদে অংশ নিয়েছে আটলান্টা, বোস্টন, মিয়ামি ও ওকলাহোমা শহরে। কয়েকটি জায়গায় দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংসতা হয়েছে।
আটলান্টায় দুজন পুলিশ কর্মকর্তাকে শক্তি প্রয়োগের দায়ে বরখাস্ত করা হয়েছে।
কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে।
ফ্লয়েডকে হত্যার দায়ে একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button