অর্থনৈতিক সংবাদশিরোনাম

চীনের জঘন্য উপহার এই করোনা: ট্রাম্প

নভেল করোনাভাইরাস সংক্রমণের জন্য চীনকে অভিযুক্ত করে আবারও তোপ দাগলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত এক লাখ ছাড়িয়ে যায়। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ পায় ট্রাম্পের বক্তব্যে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যুতে কয়েকটি টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, করোনাভাইরাসে দেশে ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু, আমরা একটা খুব খারাপ মাইলস্টোনে পৌঁছলাম।
তিনি বলেন, মারা যাওয়ার ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাই। যারা এসব মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদের আন্তরিক সহানুভূতি এবং ভালোবাসা জানাতে চাই। সৃষ্টিকর্তা আপনাদের সঙ্গে আছেন।
একইসঙ্গে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন যে সব ন্যাশনাল গার্ড সদস্য তাদেরকেও অভিবাদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এরপর আরেকটি টুইটে চীনের প্রতি আক্রমণ করে ট্রাম্প বলেন, চীনের একটা জঘন্য উপহার- করোনাভাইরাস, সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। যেটি মঙ্গলজনক নয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘণ্টায় প্রায় তেরোশো জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৭৩ জন।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২০ হাজারের অধিক মানুষ। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার ৬১৩ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে, বিশ্বজুড়ে মোট আক্রান্তও লাফিয়ে বাড়ছে। বর্তমানে আক্রান্ত সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২৪ লাখ ১৩ হাজার।
প্রসঙ্গত, ডিসেম্বেরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। এরপর কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button