রাশিয়ায় ফের একদিনে ১০ হাজারের বেশি আক্রান্ত

দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার থেকে নিচে নামলেও একদিনের ব্যবধানে আবারও বেড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি জানিয়েছে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০,৫৯৮ জন।
তাতে রাশিয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন। আক্রান্তে শীর্ষে থাকা ক্ষমতার লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশটি।
রাশিয়া বর্তমানে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। দেশটির সরকার বলছে, গণহারে টেস্ট করার ফলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ৬০ লাখের বেশি মানুষের কভিড-১৯ টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া সরকার।
রাশিয়ায় করোনাভাইরাসের এপিসেন্টার মস্কো। মোট আক্রান্তের অর্ধেকই রাজধানীর। নগর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কভিড-১৯ পরীক্ষার হার আরও বাড়াতে শুক্রবার থেকে অ্যান্টিবডি টেস্ট শুরু করেছে তারা।
আক্রান্তের তুলনায় দেশটিতে মৃত্যু অনেক কম। চব্বিশ ঘণ্টায় ১১৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২, ৪১৮ জন, যা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও স্পেন থেকে অনেক কম।
এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষ বলছে, পশ্চিম ইউরোপ থেকে শিক্ষা নিয়ে মৃতের সংখ্যা কমাতে নানা উদ্যোগ নিয়েছে তারা। অবশ্য দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বার বাড়ন্ত থাকলেও দেশের অধিকাংশ এলাকায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক ধস ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।




