জাতীয়শিরোনাম

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ বরাদ্দ চাইল বাংলাদেশ

করোনা পরিস্থিতির কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ বরাদ্দ চাইল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোনালাপে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এ সহায়তা চেয়েছেন।
করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আগামী দুই বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেনো বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল না করে সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে ট্রাম্প সহকারীর সহায়তা চান ড. মোমেন।
করোনাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন পটিনজার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত পটিনজারের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হিংসাত্মক এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে এ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।
সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যাথিউ পটিনজার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়। অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেয়া এবং দায়িত্ব ভাগ করে নেয়া। বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশ চাইলে নিয়ে যেতে পারে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমার প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রদের জোরালো ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।
ড. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো। এ সুযোগকে কাজে লাগিয়ে এদেশে বিনিয়োগ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি তথ্য প্রযুক্তি (আইটি) পার্কে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিনিয়োগ করতে পারে।
তিনি জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এ সব চিকিৎসা সামগ্রীসহ ওষুধ আরো বেশি পরিমাণে আমদানি করতে পারে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো এক চিঠির জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হোয়াইট হাউসের এই মুখপাত্র। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button