রাশিয়ায় একদিনে রেকর্ড সাড়ে ১০ হাজার আক্রান্ত
শুরুর দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে রাশিয়ায় ব্যাপক হারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। বিশ্বের বৃহত্তম দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে জানা গেছে।
রাশিয়া সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার জানায়, ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯ এ শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৬০০ জন, যা এক দিনের হিসেবে সর্বোচ্চ! তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন।
চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের; মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,২৮০ জন।
মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, করোনার প্রকোপের দিক থেকে নগরী ‘এপিসেন্টারে’ পরিণত হয়েছে। রাশিয়ার রাজধানীতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫,৯৪৮ জন। তাতে মোট আক্রান্ত ৬৮ হাজার ৬০৬ জন, যা রাশিয়ার মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
রাশিয়ার করোনা পরিস্থিতিকে ‘খুব কঠিন’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা সংকট ভয়াবহ দিকে এগিয়ে যেতে থাকলেও ১২ মে থেকে চলমান লকডাউন ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তার সরকার।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ২৬ হাজার। মৃত্যু ২ লাখ ৪৩ হাজার ছুঁই ছুঁই।
একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ক্ষমতার লড়াইয়ে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ হাজার।




