প্রবাসশিরোনাম

কল করলেই স্বাস্থ্য সেবা পাবেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদেশিকে জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদানে চালু করা হয়েছে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’। প্রযুক্তি বিভাগের এটুআই কর্তৃক বুধবার এই সেবার উদ্বোধন করা হয়।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সহযোগিতা করছে বলে জানা যায় বাসসের এক প্রতিবেদনে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঞ্চালনায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহ।
অনুষ্ঠানে এটুআই’র চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটিজিস্ট এবং ডিজিটাল সার্ভিস এক্সিলারেটরের লিড ফোকাল ফরহাদ জাহিদ শেখ প্রবাস বন্ধু কলসেন্টারের প্রেক্ষাপট, পদ্ধতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক উপস্থাপনা করেন।
করোনাভাইরাস সংক্রমণের সংকটকালীন পরিস্থিতিতে এই কলসেন্টারের মাধ্যমে সৌদিআরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। এর মাধ্যমে সৌদি আরবে অবস্থানকারী যেকোন প্রবাসী একটি হান্টিং নম্বর +৮৮ ০৯৬১১ ৯৯৯ ১১১-এর মাধ্যমে অথবা ইমো নম্বর (ফ্রি) ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০-এর মাধ্যমে কল করলে সেই কলটি সৌদিআরবে বাংলাদেশি চিকিৎসকদের যে পুল রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট চিকিৎসক আগ্রহী সেবাপ্রার্থীকে সৌদি সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা ও পরামর্শ দেবেন।
ইতিমধ্যে ৬৭ জন সৌদি প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এ কলসেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদানের অঙ্গীকার নিয়ে corona.gov.bd-এর মাধ্যমে নিবন্ধন করেছেন এবং আরও প্রায় ২৫০ চিকিৎসক যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা প্রবাসীগণ corona.gov.bd ওয়েবসাইট থেকেও পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button