
ভারতে করোনা চিকিৎসাকে কেন্দ্র করে ঘটছে নানা ঘটনা। এদিকে ভারতের উত্তর প্রদেশে চিকিৎসার জন্য করোনা আক্রান্ত ৬৯ জন রোগীকে হাসপাতালের বাইরে ফুটপাতে প্রায় ঘন্টা খানেক বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছিল উত্তর প্রদেশের ইটাবা জেলার একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছানোর পর হাসপাতালে তাদের রাখা নিয়ে শুরু হয় কর্তৃপক্ষের অবহেলা। যার জের ধরে প্রায় ঘণ্টাখানেক ওই রোগীদের বসে থাকতে হয়েছে হাসপাতালের গেটের বাইরে ফুটপাতে। শনিবার এনডিটিভি প্রকাশিত এক ভিডিও ফুটেজে বিষয়টি প্রকাশিত হয়েছে।
জানা গেছে, কোভিড-১৯’এ আক্রান্ত ওই ৬৯ জন রোগীকে বাসে করে আগ্রা থেকে আনা হয়েছিল। ১১৬ কিলোমিটার পাড়ি দিয়ে সকালেই তারা পৌঁছে ইটাবা শহরের কাছে সাইফাইয়ের উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে। কিন্তু সেখানে পৌঁছে হাসপাতালে জায়গা পেতে সময় লেগে যায় ঘণ্টাখানেকেরও বেশি।
ওই ঘটনার মোবাইল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হাসাপাতালের গেটের বাইরে কর্মব্যস্ত রাস্তার ফুটপাতে বসে আছেন তারা। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ অফিসার চন্দ্রপাল সিংহ কিছুটা দূর থেকে তাদের উদ্দেশে বলছেন, এখানে বসো। খুব তাড়াতাড়ি মেডিক্যাল দল এসে তালিকা তৈরি করে তোমাদের নিয়ে যাবে। তোমরা হঠাৎ চলে এসেছ।
গাফিলতির কথা মেনে নিয়েছেন ওই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ কুমার। তবে এই ঘটনায় হাসপাতালের কোনো কর্মীর গাফিলতি নেই বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেছেন, আমি বলতে পারব না, কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। কোনো রোগী ভর্তির সময় বেশ কিছু পদ্ধতির মাধ্যমে যেতে হয়। তারপর রোগীদের ভিতরে ঢোকানো হয়।
ওই রোগীদের আগের দিন বুধবার আসার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে না এসে পরেরদিন বৃহস্পতিবার আসায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র : এনডিটিভি



