ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গণহত্যার পথে হাটছে বলে অভিযোগ করছেন বুকারজয়ী ঔপন্যাসিক ও ভারতীয় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তার মতে ভারত সরকার করোনা মহামারির সময়ে কোভিড-১৯ রোগকে অস্ত্র বানিয়ে দেশটিতে মুসলিমদের হয়রানি করছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার (আরএসএস) সদস্য। এটি ভারতীয় জনতা পার্টির অর্থ্যাৎ বিজেপির মূল সংগঠন। তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে, ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। মুসলিমদের প্রতি ভারত সরকারে এই চিন্তাধারাকে অরুন্ধতী রায় ইহুদিদের প্রতি নাৎসিদের চিন্তার সাথে তুলনা করেছেন।
অরুন্ধতী রায় বলেন, মুসলিম নাগরিকদের প্রতি মোদি সরকারের এই আচরণ ইহুদিদের প্রতি জার্মান নাৎসিদের চিন্তার সঙ্গে মিলে যায়। মোদি সরকার করোনাভাইরাসকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছে। এটিও ১৯৪২ সালে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের টাইফাস রোগকে ব্যবহার করার সঙ্গে মিলে যায়। তাই ভারত সরকারকে আমার কিছু বলার নেই। তবে ভারত ও বিশ্বের জনগণকে আমি বলতে চাই এই পরিস্থিতিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
তিনি আরো বলেন, পরিস্থিতি গণহত্যার দিকে যাচ্ছে। অবশ্য মুসলিমদের হত্যা করার মাধ্যমে তাদের দমিয়ে রাখাই সরকারের এজেন্ডা ছিল। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের ওপর হামলা হচ্ছিল। কিন্তু এখন এই মহামারির সময়ে রোগের সঙ্গে মুসলিমদের জড়িয়ে অপবাদ দেয়ার চেষ্টা চলছে। মানুষও এখন এসব কথা বলতে শুরু করেছে। এর ফলে ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে মোদি সরকার নাগরিকত্ব আইন ও ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। কিন্তু এখন এই রোগের মধ্যে তারা যা করছে সেদিকে সবার নজর রাখতে হবে। সূত্র : ডয়চে ভেলে



