মানিকগঞ্জ জেলা লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জে জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন।
এদিন সন্ধ্যা ৭টার পর থেকে এই আদেশ কার্যকর করা হবে বলে গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার লাভ করায় লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন লক্ষাধিক মানুষ। দেশের বিভিন্ন স্থানে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছেই।
হাঁচি, কাশি ও পরস্পরের মেলামেশার কারণে এ রোগের বিস্তার ঘটছে। এখন পর্যন্ত বিশ্বের রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ রোগের একমাত্র প্রতিষেধক হলো পরস্পর হতে দূরে থাকা। জনসাধারণের একে অপরের সাথে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব জেলা থেকে মানিকগঞ্জে বেআইনিভাবে মানুষজন অনুপ্রবেশ করছে। এ কারণে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা লকডাউন বলবৎ থাকবে।
এ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে বা জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। আইন অম্যানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষাণা দিয়েছেন জেলা প্রশাসক।



