
করোনাভাইরাস মোকাবিলায় ঘোষিত লকডাউনে ঘরবন্দী মানুষ। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। খেলাধুলা বা বন্ধুর সঙ্গে দেখা করতে ঘর থেকে বের হওয়ার উপায় নেই শিক্ষার্থীদের।
এমন পরিস্থিতিতে বন্ধুর সঙ্গে খেলা আর আড্ডা দিতে তাকে সুটকেসে ভরে নিজের ফ্ল্যাটে নিয়ে আসছিল এক কিশোর। তবে ধরা পড়ে জেলে ঢুকতে হলো দুজনকেই। রবিবার এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে।
বন্ধুকে ঘরে আনতে হাউজিং সোসাইটির কাছে আবেদন জানিয়েছিল ওই কিশোর। এতে অনুমতি মেলেনি তার। পরে বন্ধুকে ঘরে নিয়ে আসতে এক অভিনব ফন্দি আঁটে সে।
বিশাল এক সুটকেসে বন্ধুকে ভরে ফেলেছিল ওই কিশোর। ভেবেছিল সেই সুটকেস নিয়ে অনায়াসে হাউজিং সোসাইটিতে ঢুকে পড়বে সে। কিন্তু সুটকেসটি এত ভারী আর ফুলে ছিল যে, রাস্তায় থাকা স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে ব্যাগের ভেতরে থাকা আরেক কিশোর নড়ে ওঠে। যা দেখে হাউজিংয়ের অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে অভিযুক্ত কিশোরকে তারা ওই সুটকেসটি খুলতে বলেন।
শুরুতে রাজি না হলেও পরে ব্যাগ খুলতেই উপস্থিত সবাই নড়েচড়ে বসে। দেখা যায়, সেই সুটকেসের ভেতরে হাত-পা মুড়ে শুয়ে আছে আরেক কিশোর। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দুই কিশোরকেই আটক করা হয়।
হাউজিং সোসাইটির সদস্যরা জানিয়েছেন, ‘বিত্তশালী পরিবারের কিশোর একাই ওই অ্যাপার্টমেন্টে থাকে। লকডাউনের পর থেকেই বন্ধুকে ফ্ল্যাটে আনতে চেয়েছিল। কিন্তু সংক্রমণের ভয়ে আমরা রাজি হইনি। কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা কে জানত!’
সংবাদ প্রতিদিন ।


