নারায়ণগঞ্জে জ্বর-সর্দিতে আরও এক বৃদ্ধের মৃত্যু, আতঙ্কে জনশূন্য মহল্লা

নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকায় করোনা ভাইরাসে এক নারীর মৃত্যুর পর পার্শ্ববর্তী কদমরসুল পূর্বপাড়া এলাকায় জ্বর-সর্দিতে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে পুরো মহল্লা।
শুক্রবার সকালে জ্বর-সর্দিতে ভুগে মাইনউদ্দিন (৬৫) নামের ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। এর আগে গত সোমবার পাশের এলাকায় এক নারীর করোনায় মৃত্যু হয়।
বৃদ্ধের ছেলে মমিনউদ্দিন দেশ রূপান্তরকে জানান, তার বাবার আগে থেকে ডায়াবেটিক ছিল। গত ৫/৬ দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। শুক্রবার সকালে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেই। কিন্তু বেলা ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি জানান, জ্বর-সর্দিতে ভুগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে মুহূর্তের মধ্যে মহল্লা শূন্য হয়ে পড়ে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় লাশ দাফন করতে চরম বিপাকে পড়তে হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, এছাড়া ২৩ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় করোনাভাইরাসে এক নারীর মৃত্যুর পর পার্শ্ববর্তী কদমরসুল এলাকা লকডাউন ও ১০০ পরিবারের মধ্যে সকল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ওই নারীর চিকিৎসায় সম্পৃক্ত থাকা একজনকে আইসোলেশনে এবং একজন চিকিৎসকসহ ১০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বন্দর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, দুজনের মৃত্যুর পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জনসমাগম না করে ৭-৮ জনের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুযায়ী লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।



