করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়াল : মৃত্য ২৮ হাজার

বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সারা পৃথিবীতে শুধুমাত্র একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। সব মিলিয়ে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।
শুধুমাত্র শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা আমেরিকা, স্পেন ও ইতালি। ওই তিন দেশেই একলাফে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই।
শুরুর দিকে বিশেষ গুরুত্ব না দিলেও, এখন করোনাভাইরাসের নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকাই। শুক্রবার পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যাটা সেখানে ৮৫ হাজারে ঠেকে ছিল। রাতারাতি সেই সংখ্যাটা বেড়ে এখন গিয়ে ছাড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার।
একদিনে ১৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ওই রোগে। সেখানে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মারা গিয়েছেন ৪৫০ জন।
মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইতালি। সেখানে ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সেখানে সংক্রমণের তীব্রতায় কিছুটা রাশ টানা গিয়েছে।
মৃতের সংখ্যার নিরিখে ইতালির পরেই রয়েছে স্পেন। সেখানে ইতিমধ্যেই সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে চিনে। ইরানে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। ফ্রান্সেও মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার জনের।




