
পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো করোনা আক্রান্তের মৃত্যু হলো। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।
আনন্দবাজার পত্রিকা জানায়, কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে সোমবার মৃত্যু হয় ৫৭ বছরের করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের। দমদমের বাসিন্দা ওই ব্যক্তির বিদেশ সফরের কোনও রেকর্ড নেই। সর্দি-কাশি-জ্বর নিয়ে গত ১৬ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০ মার্চ পরীক্ষায় জানা যায়, তিনি কভিড-১৯ আক্রান্ত।
এ দিকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্তের সংখ্যা ৪৬৮। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হিসেবে অবশ্য সংখ্যাটা ৪৭১। এর মধ্যে সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন শতাধিক ব্যক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইসিএমআরের দাবি, ঠিক মতো লকডাউন কার্যকর করতে পারলে সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাবে।
এরই মধ্যে করোনা মোকাবিলায় রাজ্যগুলোকে নতুন পরামর্শ দিয়েছে আইসিএমআর। তারা বলেছে, পৃথক পৃথক হাসপাতালে নয়, করোনা আক্রান্তদের চিকিৎসা হোক একটি নির্দিষ্ট হাসপাতালেই।
ভারতে করোনা মোকাবিলায় ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সব ক’টি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে কোভিড-১৯ রোগাক্রান্তের সংখ্যা ৭৪।




