উপমহাদেশশিরোনাম

করোনা সন্দেহে ৫ বিদেশিকে বাংলাদেশে ফেরত পাঠালো ভারত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে পাঁচ বিদেশিকে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ ও প্রশাসনের বরাত দিয়ে শুক্রবার এ কথা জানিয়েছে আনন্দবাজার।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রাপোলে আগেই শুরু হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। করোনাভাইরাসের মোকাবিলায় বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তেও স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যারা আসছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
বসিরহাট স্বাস্থ্য জেলা সূত্রে জানানো হয়, কারও জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ আছে কিনা, তা দেখা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাস মেলেনি।
তবে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, সন্দেহজনক মনে হওয়ায় গত দু’দিনে বাংলাদেশ থেকে আসা চারজন অস্ট্রেলীয় ও একজন ইতালীয়কে সে দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে আসা অনেককেই মুখে মাস্ক পরতে দেখা গেছে। মুখে মাস্ক পরে স্বাস্থ্য শিবিরের লাইনে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন নারী। জানালেন, বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতে এসেছেন টিভি শো-এ ডাক পেয়ে। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে প্রাথমিক সতর্কতা হিসেবে মুখে মাস্ক পরেছেন।
শামিমা পারভিন রত্না বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের মানুষ এতটাই আতঙ্কিত যে, অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশে এখনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত একজন রোগীও পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাসে প্রথম সংক্রমিত দেশ চীন, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button