
বৃহস্পতিবার রাজধানীতে আওয়ামী লীগ যেসব সমাবেশ করেছে তার আগে অনুমতি নেয়া উচিত ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কে এম নূরুল হুদা।
রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নির্বাচন উপলক্ষে বিএনপি ঢাকায় সন্ত্রাসীদের জড়ো করছে, আওয়ামী লীগের এ অভিযোগের বিষয়েও কোনো তথ্য নেই বলে জানান।
বৃহস্পতিবার সিটি নির্বাচনের শেষ দিনের প্রচার চলার মধ্যে আওয়ামী লীগ মুজিব বর্ষের প্রস্তুতি উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ করে।
এ প্রসঙ্গে সিইসি বলেছেন, সমাবেশ করার আগে নির্বাচন কমিশনকে জানানো উচিত ছিল এবং অনুমতি নেওয়া উচিত ছিল।
তিনি বলেন, শুনেছি, মুজিব বর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। এটা বলেনি। এ সভায় যদি নির্বাচন নিয়ে কিছু না বলে থাকে তা বিধিতে আলাদাভাবে কিছু বলা নেই। তবে আমি মনে করি, নির্বাচনকে সামনে রেখে এ সভা না করা উচিত ছিল। দরকার হলে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল।
নির্বাচন সামনে রেখে বহিরাগতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে কি না এ প্রশ্নের জবাবে সিইসি বলে, ‘কারও কোনো বাসা বাড়িতে তল্লাশি করা, রেইড করা, এগুলো হচ্ছে না। হোটেলে, হোস্টেলে বা অন্যান্য জায়গায় যদি বাইরে থেকে কেউ এসে থাকে সেটার ব্যাপারে আইনশৃঙ্খলায় যারা নিয়োজিত তাদের বলেছি, যাদের প্রয়োজন নেই তারা যেন ঢাকায় না আসে। ভোটকেন্দ্রের চারপাশে যেন অকারণে জটলা না হয় সে ব্যাপারে তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘বাইরে থেকে ঢাকায় আসার ব্যাপারে তো কঠোর ব্যবস্থা নেয়া যায় না। যাদের প্রয়োজন নেই মনে করবে তারা যেন এখানে না আসে সেটাকে আমরা নিরুৎসাহী করেছি। তা নিয়ে পুলিশি অভিযান চালাতে বলিনি।’




